
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মিজানুর রহমান (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পরিবারের এক সদস্যের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের একাধিক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, একই গ্রামের মনির মোল্লার ছেলে শুভ মোল্লার সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়দের অভিযোগ, শুভ মোল্লা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ বিরোধের জের ধরে গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সেখান থেকে ফিরিয়ে এনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাঁকে পুনরায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে।
বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।